
সবারই একটা জীবন আছে,
হরেক রঙে আঁকা;
নিয়তির জোরে ঘুরে মোদের
জীবন-গাড়ির চাকা।
একেক মানুষ নিজের মতো
একেক রূপে সাজে;
কেউ কাটায় হেলায়-খেলায়,
কেউ-বা লাগায় কাজে।
কারো জীবন লম্বা, কারো
শুরুর আগেই শেষ;
কারো জীবন সহজ ভীষণ,
কারো জটিল বেশ।
কারো জীবন সাদা-কালো,
কারো রঙিন লাল;
কারো জীবন দুঃখে কাটে,
কারো চান কপাল।
কেউ খোঁজে ভাই জ্ঞান-গরিমা,
উজ্জ্বল করতে মুখ;
কেউ খোঁজে অর্থ-কড়ি আর,
কেউ খোঁজে ভাই সুখ।
কেউ খোঁজে ফের ভূবন ঘুরে
সফলতার দ্বার;
কেউ থেকে শ্রেফ অল্পে তুষ্ট,
জীবন করে পার।
কেউ করে ভাই লোভ-লালসা,
গড়তে বাড়ি-ঘর;
কেউ থাকে শ্রেফ ওত পেতে সে,
খুঁড়বে কার কবর।
কেউ থাকে ভাই উদাস ভীষণ,
কেউ সচেতন খুব;
কেউ-বা আবার প্রমোদ-মায়ার
জলে দিচ্ছে ডুব।
হায়রে স্বাদের জীবন মোদের,
যিনি করলেন দান;
জীবন গড়তে ব্যস্ত সবাই,
না মেনে তাঁর বিধান।