
নীলফামারী, প্রতিনিধি:নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচন (২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮) উপলক্ষে পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর নীলফামারী জেলা সভাপতি আব্দুল মোমিন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আব্দুল মোমিন বলেন, নীলফামারীর ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা, শিল্পায়নের প্রসার, নতুন উদ্যোক্তা তৈরি এবং জেলার অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, উদ্যোক্তাদের সমস্যা সমাধান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নীলফামারীর ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক চেম্বার গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় শিল্প-কারখানার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি।
ব্যবসায়ী মহলের বিভিন্ন প্রতিনিধি আব্দুল মোমিনের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ব্যবসায়িক নেতৃত্ব নীলফামারী চেম্বারের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন পরিচালক নির্বাচনকে কেন্দ্র করে জেলার ব্যবসায়ী সমাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্রার্থী ইতোমধ্যে প্রচার-প্রচারণা ও মতবিনিময় শুরু করেছেন