
মানুষ কীসের পিছনে ছুটে চলে ! কোন উদ্দেশ্যে !
লক্ষ্যহীন নয় তো চলা, কিছু একটা পাওয়ার আশায় মানুষ ছোটে।
অর্থ সম্পদ জ্ঞান অর্জনের জন্য ছোটে
কিছু মানুষ ছোটে টাকার পিছনে, গাড়ি-বাড়ি বিত্ত-বৈভব।
জীবন যাদের নুন আনতে পান্তা ফুরানো, তারা দিন রাত পরিশ্রমের পিছনে ছোটে।
মদ গাঁজা চরস লোভীরা খোঁজে আঁধার
আচ্ছা ! আঁধারিতে কি সব ঢেকে যায় ?
আর আমি খুঁজে চলেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া
একজন মানুষ, ভালো মনের মানুষ।
ভালো মানুষ সৎ মানুষ অর্থ কিন্তু ভালো মনের মানুষ না।
আমি বিদিশা, অজন্তা ইলোরা খুঁজতে যাইনি
যাইনি সাগরের গভীরে মুক্তার খোঁজে
আমি একজন মানুষ খুঁজেছি।
ছেলেবেলায় পুতুল খেলতে খেলতে মনে যে রূপটি গড়েছি,
তরুণী বেলায় যাকে স্বপ্নে বুনেছি, আজও তাকে খুঁজে চলেছি।
এমন এক মানুষ খুঁজেছি যে আসলেই মানুষ।
যে আমাকে বুঝবে, আমার মনে যত কথা আছে,
না বলার আগেই বুঝে নেবে। আশ্রয় দেবে প্রশ্রয় দেবে।
কোন বিবর্ণ দুপুরে যদি মন খারাপ করে বসে থাকি বলবে, মুখটা মলিন কেন ?
তার বলা ঐ সামান্য কথায় আমার মনের মেঘ সব কেটে যাবে।
আমি সারাজীবন চেয়েছি এক জলধ গম্ভীর কণ্ঠ
এক প্রশান্ত মহাসাগরের মতো শান্ত হৃদয়।
আমি বেশি কিছু চাইনি
দোলনচাঁপা, কখনো বেলী কখনো বা গন্ধরাজ ফুলে বাড়ানো একটি বাহু চেয়েছি
চেয়েছি কুমারখালীর বাঁকে সবুজ ঘাসে হেঁটে বেড়াব দুজন।
হাতে হাত রেখে যাবো অনেক দূর
গঙ্গাফড়িঙের পিছে ছুটবো আর ছুটবো।
এই পৃথিবীতে নাইবা হলো ঘর বাঁধা। না হলো বাসর, না হলো ফুলশয্যা।
বনের মর্মর,পাখির কাকলী কচি কিশলয়, আর পথ _তার পথে একাকার হবো।
জীবনের ঘাটে ঘাটে কত মানুষ আসে কত পরিচয় কত গল্প কত কথা
কিন্তু আমি তাদের মাঝে খুঁজে পাইনা সেই মানুষটাকে।
যার কাঁধে কাঁধ রেখে, বুকের কোণে আশ্রয় নিয়ে
মনে হবে এই তো আমার সেই চাওয়া !
মানুষ আসে কিন্তু সেই মানুষটা আসে না
তাই আমার খোঁজাও শেষ হয় না।