
নিজস্ব প্রতিবেদকঃআজ ছওয়াবের উদ্যোগে রাজধানীর লালমাটিয়ায় ছওয়াব হেড অফিসে “গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভুমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছওয়াবের সিনিয়র অফিসার জনাব বোরহান উদ্দিনের সঞ্চালনায় এবং চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখেন ছওয়াবের ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, বিশিষ্ট গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড. নাসিমা হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাসিমা হাসান বর্তমান বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে নারীদের অংশগ্রহণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের ভুমিকার বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন এর জন্য সর্বাগ্রে প্রয়োজন নারীর নিরাপত্তা বিধান। নারীদের চলাফেরায়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের নিরাপদ এবং সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় সরকারকে উদ্যোগী ভুমিকা পালন করতে হবে পাশাপাশি নারীদের নিজেদেরও অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
গোলটেবিল আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার মারদিয়া মমতাজ। তিনি তার প্রবন্ধে ইসলামের বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানের একটি চিত্র তুলে ধরেছেন। রাজনীতি, অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিনিধিত্ব, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিক দায়িত্ব ইত্যাদির বর্তমান সমাজের এবং ইসলামিক প্রেক্ষাপট তুলে ধরে নারীর প্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। তিনি বলেন, ইসলাম ও সংবিধান উভয় দৃষ্টিকোন থেকেই নারীর রাজনৈতিক অংশগ্রহণ কেবল অনুকম্পা বা উপকারের বিষয় নয়, এটি একটি নৈতিক বাধ্যবাধকতা,নাগরিক দায়িত্ব এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।
গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ড. সেলিন ইয়াসমিন, প্রাক্তন অধ্যাপক, মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, ড. আফরোজা বুলবুল, ডিরেক্টর, গবেষণা, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, গাম্বিয়া, আয়েশা সিদ্দিকা মেঘলা, সহ- সাধারণ সম্পাদক, জাকসু।
সভাপতির বক্তব্যে ছওয়াবের চেয়ারম্যান বলেন, নারীদের উন্নয়নে আমরা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকি, যেমন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাবলম্বী প্রকল্প, হোম গার্ডেনিং প্রকল্পসহ অন্যান্য কার্যক্রম। তবে আজকের এই প্রোগ্রামটি আমাদের নৈতিক দায়বদ্ধতা থেকে আয়োজন করেছি। আমরা চাই, নারীর অধিকার প্রতিষ্ঠায় সকল মহল থেকে সচেতনভাবে সবাই ভুমিকা রাখুক। আমাদের বক্তব্য এবং বিবৃতি সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে পৌঁছাতে হবে। সবশেষে সবাই ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার, জনাব ইমদাদুল ইসলাম সহ অন্যরা৷