
অঙ্গনে মোর রঙ্গন ফুল
রেঙেছে আজ আবির রঙে,
কোন রঙ্গিনির রং হে সখি
কার হতে কে আনলো মেঙে।
কোন সে কুসুমপুরের থেকে
কোন সখাকে আনলো ডেকে,
খেললো হোলি সখা সখি
কোন গোধূলির আবির মেখে।
কোন বাগিচার পুষ্পকলি
ফুটবে বলে আসলো ওলি,
কে মাখালো সুরমা কাজল
কৃষ্ণ কালো ভ্রমর চোখে।
মন যমুনার কূল- কিনারায়
কোন কালাচাঁদ খায় ক্ষীর মাখন,
বন বীথিকায় হারাতে চায়
কোন রাধিকার হাতের কাঁকন।
কে রাঙালো পলাশ বনের
সবুজ পাতা পল্লবিরে,
এই কি তবে কহু ডাকা
সেই বসন্ত আসলো ফিরে।
মন রেঙেছে প্রাণ জুড়েছে
দোল পূর্ণিমার ফাগুন হাওয়া,
তাই বুঝি মোর অঙ্গনে আজ
রং নিয়ে মন করছে ধাওয়া।
মনটা যাহার রঙ্গিলা সেই
উড়িয়ে আবির মাখছে কালি,
রঙে রঙে রাঙিয়ে ভুবন
জীবন ও মন খেলছে হোলি।