
কার ইশারায় পূব আকাশে
ভোরের রবি ওঠে,
কার দয়াতে ধরায় এত
নাজ-নেয়ামত জোটে।
কার নামেতে কুসুম বাগে
সুগন্ধি ফুল ফোটে,
কার গুণগান গেয়ে গেয়ে
ভ্রমরের দল ছোটে।
কার ইশারায় গাছে গাছে
ধরে নানান ফল,
কার হুকুমে পাতায় পাতায়
বয়ে যায় বায়ু নির্মল।
কার ইশারায় আলো ছড়ায়
রাতের ঐ চাঁদ তারা,
কার প্রেমেতে তীরভূমিতে
ঝরে ঝর্ণাধারা।
পাহাড়, ভূমি, সাগর, নদী—
সৃজিলেন যিনি সব,
তিনিই মহান জগতের প্রভু,
মাখলুকাতের রব।