
আমার ভীষণ ইচ্ছে করে
গাছের ডালে বাঁধি ঘর,
ঘর বাঁধি না গাছের ডালে—
ঝড়-তুফানের লাগে ডর।
ইচ্ছে করে নদীর স্রোতে
হারিয়ে যাই অজানায়,
যাই না ভেসে নদীর জলে—
সঙ্গীবিহীন ভয় তায়।
ইচ্ছে করে নীল আকাশে
পাখি হয়ে উড়াল দেই,
দেই না উড়াল—শিকারী যদি
শিকার করে, খাঁচায় নেয়।
ইচ্ছে করে তিতলি হয়ে
বসে থাকি ফুলের গায়,
হই না তিতলি—মনের ভয়ে,
সর্প এসে যদি খায়।
ইচ্ছে করে রাতের আকাশে
চাঁদ হয়ে ছড়াই আলো,
চাঁদ হই না—গ্রাসে যদি
চন্দ্রগ্রহণের অন্ধকার কালো।