
আলপনা দিয়ে সাজিয়েছে ঘর
শাল পলাশের বন বিথিকায়
আবছা আলোর উদাসি বাতাসে
মনের মাধুরীতে স্বপ্ন সাজায়।
বনের পথে পথে হাজারো কবিতা
ফিসফিস করে নির্জনে কতো
কাছে ও দূরে ছন্দে সুরে সুরে
রূপকথার মতো যেন বিকশিত।
তাই শুনে ওরা দুচোখ ভরে
স্বপ্ন মিশিয়ে নানা ছবি আঁকে
আরও কতো স্বপ্ন ছড়িয়ে রাখে
বনের পথের বাঁকে বাঁকে।
শীতের বেলায় ক্লান্ত দুপুরে
সোনালী রোদের উষ্ণ পরশ
ম ম সৌরভে ছড়িয়ে পড়েছে
মহুয়ার ফুলের খুশির হরষ।
লাল মাটির পথের ধারে ধারে
সাঁওতালি গানের সুরের তালে
কতো গল্প গাঁথা লুকিয়ে আছে
ওদের সব মনের অন্তরালে।