
সত্য বলা সহজ অতি
সামলানো তা দায়,
সত্য কথায় ফোস্কা পড়ে
কারো কারো গায়।
মিথ্যা কথা মিষ্টি অতি
যেমন মতিচুর,
ঠগ বাজের কথাগুলো
শুনতে সু-মধুর।
হকারদের কথায় যদি
লাগাও তুমি কান,
কথা শোনো, কিন্ত রেখো
পকেট সাবধান।
লজ্জা শরম না থাকে যদি
বার বার ঠকে,
কি লাভ হবে বলো তাকে
মিছে মিছি বকে।
ঠগ বাজী ধান্ধাবাজি
করা যাদের পেশা,
তাদের কিন্তু দারুণ আছে
সমাজ সেবার নেশা।
এই সমাজেরই অংশ তারা
চেনা বড় দায়,
তারা,প্রয়োজনে মারতে পারে
পড়তে পারে পায়।।