
সেই কবে চলে গেছো কতো ক্রোশ দূরে,
সেই থেকে গাহি গান আমি সকরুণ সুরে।
শুনিলে না গান মোর কিবা ছিল অপরাধ,
তুমি শুধু শুনে যাও এইটুকুই ছিল সাধ।
তবে কেন দিয়েছো গো জীবনের ভরসা,
সুর তাল হারিয়ে যে পাইনা কোনো দিশা।
ফুল বনে গাহি গান দাঁড়িয়ে তার পাশে,
ফুল কলিরা গান শুনে মনে মনে হাসে।
উদাসীন আকাশ পানে থাকি সদা চেয়ে,
মেঘ বালিকা রূপ দেখি পশ্চিমে ছেয়ে।
কখনও বা নদী তীরে একা নিরজনে,
ভাটিয়ালি গান গাই বেতালা আনমনে।
ভুলে গেছি গান আজি সুর নাহি আসে,
আকাশের চাঁদ যথা কেতু রাহুর গ্রাসে।
তুমি ছিলে জীবনের সুরে বাঁধা একতারা,
আজ তুমি নেই বলে হয়ে গেছি দিশেহারা।