
নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে সৈয়দপুর উপজেলার কাঁচাবাজার এলাকায় এ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি এসব নিষিদ্ধ পণ্যের ব্যবহার, উৎপাদন ও বিপণন থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী ও ভোক্তাদের আহ্বান জানানো হয়।
কার্যক্রমে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব পণ্যের ব্যবহার বন্ধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।