
মূলধারার সমাজ ও হরিজন সম্প্রদায়ের যুবকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং সমাজে বিদ্যমান অস্পৃশ্যতার দূর করার লক্ষ্যে নীলফামারীতে এক প্রীতি টি–টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিব) এর আয়োজনে ও ল্যান্ডচেস্টার ইউনিভার্সিটির সহযোগিতায় নীলফামারী সদরের বড় মাঠে অনুষ্ঠিত ম্যাচে অংশ নেয় হরিজন স্পোর্টিং ক্লাব নীলফামারী এবং রামনগর মাঝাপাড়া মূলধারার দল। ২০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে হরিজন স্পোর্টিং ক্লাব ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে রামনগর মাঝাপাড়া দল ১৫০ রান করলে ১০ রানের ব্যবধানে জয় পায় হরিজন স্পোর্টিং ক্লাব। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য বাসফোরকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী আরটিআই গ্রুপের উপদেষ্টা আনোয়ারুল আলম, কুখাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মনজু, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিব)-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলা ও নীলফামারী আরটিআই গ্রুপের সভাপতি আব্দুল মোমিন, রিবের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. নজরুল ইসলাম এবং নীলফামারী জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি মেঘুরাম বাসফোরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে সামাজিক ভেদাভেদ দূর করে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব। হরিজন সম্প্রদায়ের যুবকদের মূলধারার সঙ্গে যুক্ত করার এই আয়োজনকে তারা একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। সামাজিক সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।