
আমার দক্ষিণ হাওয়ায়–
আনচান করে মন
কখন যে দখিনা সমীরণ
দোলা দেয় বারবার
এই ভুলো মন- তা জানে না ,
চুল যখন উড়তে দেখি
বা- দুপাট্টা উড়তে থাকে
মনটাও যদি- অজানা শিহরনে
আঁকুপাকু করে
তবেই বুঝি—
আজ মৃদু মিষ্টি হাওয়া বইছে
আমার হৃদয় কোণে
এই জীবন প্রাণে ।
একটু একটু সমীরনে
দুলবে না মন
হাওয়া যতো বেগবান হবে
মনটাও হয়ে উঠবে–
ততো বেশি অস্থির ,
তখন–
কিছু না কিছু খুঁজে মন
মন কি তবু খুঁজে পায়
তার প্রিয় মানুষ ,
মানুষটি তবু আসে না
অস্থির বাতাসে না হয় সে
একটু পাশে যদি বসতো
নিদ্রা ভরা চোখ দুটো–
শান্ত আবেশে
তার– আদরে ঘুমিয়ে উঠতো ।
দখিনা হাওয়া–
তুমি কি এনে দিতে পারো
প্রিয় পছন্দ কিছু
যখন বেশি বইতে থাকো
তখন না হয় নিয়ে এসো
সেই প্রিয় মানুষটাকে ,
আমি তাকে দেখবো
কিছু শুধাব– কেন সে
এত হেলা করলো আমায় ,
প্রিয় সমীরণ–
তুমি যত বইতে থাকো
আমি তত উৎফুল্ল হয়ে উঠি
ভাবি- এই বুঝি পেয়ে যাব
আমার
প্রেম মোহ- যাবতীয় সমাধান ।
আমার দক্ষিণ হাওয়া
সবুজের ভেতরে তুমি প্রবাহমান
তারুণ্য —
সব মেতে উঠে তোমার পরশে ,
কচিকাঁচা প্রাণ গুলো উৎফুল্ল হয়
তোমার হিমেল সতেজে ,
তোমাকে —
ধীর স্থির দেখতেই শান্ত লাগে
কখনো কোন অসুন্দরে
ওই স্নিগ্ধরুপে তান্ডবে করোনা
সেদিন কতটুকু সইবো আমি–
জানিনা- জানিনা ।।