মন ভোলানো কথার রঙে
যায় কি প্রেমের চিত্র আঁকা?
প্রেম শুধু নয় কথার ঝুরি,
থাকে তাতে আবেগ মাখা।
প্রেম তো হলো হৃদয়ের টান,
অদৃশ্য এক গভীর মায়া,
প্রেম শুধু নয় ভোগ-বিলাস,
স্পর্শতায় রূপের কায়া।
প্রেম কভু নয় ঝগড়া লেগে
অভিমানে দূরে যাওয়া,
প্রেম তো হলো রাগ ভাঙিয়ে
হাসিমুখে মানিয়ে নেওয়া।
প্রেম তো হলো রত্নস্বরূপ,
যত্ন করা, খেয়াল রাখা,
প্রেম তো হলো দৃঢ় শপথ—
দুঃখ-কষ্টে পাশে থাকা।
প্রেম তো হলো ঝড়-তুফানে
পাঁজর দিয়ে ঝাপটে ধরা,
প্রেম তো হলো খরার তাপে
বারিধারা হয়ে ঝরে পড়া।
প্রেম তো হলো তিমির রাতে
প্রদীপ হয়ে আলো দেওয়া,
প্রেম তো হলো ভীতু ক্ষণে
ভরসা দিয়ে কাছে নেওয়া।
প্রেম তো হলো দুই হৃদয়ে
অভিকর্ষ শক্তির স্বরূপ,
প্রেম তো হলো আবর্জনায়
ঘ্রাণ ছড়ানো সুগন্ধি ধূপ।
প্রেম তো হলো শ্রদ্ধা করা,
বিশ্বস্ততায় কথা বলা,
প্রেম তো হলো আস্থা রেখে
চিরজীবন সঙ্গে চলা।