ক্ষয়িষ্ণু এক কায়া আমার,
নাজুক আমার হাল,
জরাজীর্ণ শরীর নিয়ে ধরি
জীবন নায়ের পাল।
মাঝদরিয়ার ভয়াল ঝড়ে
মাস্তুল যদি চিঁড়ে,
ডুবে যাবে কিস্তি আমার—
কেমনে যাবো নীড়ে?
নেই তো জানা কোন সে দূরে
জীবননদীর কূল,
কোন দিকে তার শাখা গেছে,
কোন দিকে বা মূল?
চলছি আমি উজান বেয়ে
যেদিকে চোখ যায়,
মনোবলকে পুঁজি করে
শক্তি তো নেই গায়।
মনের বাঘে খাচ্ছে আমায়,
দুর্বল আমি মাল্লা;
হৃদয়ে দৃঢ় সাহস দিও,
বাহুতে জোর, আল্লাহ।