নীলফামারী প্রতিনিধি:নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজার থেকে কাঞ্চনপাড়া মোড় পর্যন্ত সড়কের দু’ধারে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রোপণ করা সামাজিক বনায়নের প্রায় ২০০ থেকে ৩০০টি গাছের চারা ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একাধিকবার পরিকল্পিতভাবে গাছের চারা নষ্ট করা হচ্ছে। এর আগে হারুন নামের এক ব্যক্তি গাছের চারা ভাঙচুর করার সময় হাতেনাতে ধরা পড়েন। এরপরও দুষ্কৃতকারীদের তৎপরতা বন্ধ হয়নি।
আজ ১৮ই ডিসেম্বর ২০২৫ আজ আবারও একই স্থানে ধাপে ধাপে গাছের চারা ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজকের ঘটনায় অন্তত ৬টি চারা ভাঙা হলেও এর আগে ধারাবাহিকভাবে মোট ২০০ থেকে ৩০০টি চারা নষ্ট করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
এ ধরনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়নের মতো জনস্বার্থমূলক উদ্যোগকে নষ্ট করা অপরাধমূলক কাজ। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ ঘটনায় আজ দুপুর ২টার দিকে নীলফামারী সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।